অধিকার প্রতিষ্ঠার দাবি এবং বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ১৭১তম সাঁওতাল বিদ্রোহ বা ‘হুল দিবস’ পালিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে উপজেলার কাটা মোড় ও বাগদা ফার্ম এলাকায় পৃথক কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করেন সাঁওতাল সম্প্রদায়ের সদস্যরা ও ভূমি রক্ষা আন্দোলনের কর্মীরা।
সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির ব্যানারে আয়োজিত কর্মসূচিতে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ, প্রদীপ প্রজ্বলন, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কাটা মোড় এলাকায় আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতার পাঁচ দশক পার হলেও সাঁওতালরা এখনো তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। ২০১৬ সালে গোবিন্দগঞ্জে সাঁওতালদের ঘরবাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও তিনজনকে হত্যার ঘটনার বিচার আজও সম্পন্ন হয়নি। তারা অবিলম্বে ওই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং সাঁওতালদের পৈতৃক ভূমি ফিরিয়ে দেওয়ার দাবি জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন সুফল হেমরম। বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আমিনুল ফরিদ, আদিবাসী ইউনিয়নের সভাপতি রেবেকা সরেন, সাধারণ সম্পাদক শ্রীকান্ত মাহাতো এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের দপ্তর সম্পাদক ছামিউল আলম রাসুসহ অন্যান্য নেতারা।
অন্যদিকে, বাগদা ফার্ম এলাকায় ফিলিমন বাসকের সভাপতিত্বে পৃথক কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা সাঁওতালদের ভূমির অধিকার সংরক্ষণ এবং রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করার দাবি জানান।
উল্লেখ্য, ১৮৫৫ সালের ৩০ জুন ব্রিটিশ শাসক, স্থানীয় জমিদার ও মহাজনদের শোষণ-নিপীড়নের বিরুদ্ধে সাঁওতালদের ঐতিহাসিক ‘হুল’ বিদ্রোহের সূচনা হয়। সেই সশস্ত্র আন্দোলনে সিধু, কানু, চাঁদ ও ভৈরবসহ বহু সাঁওতাল শহীদ হন। তাঁদের স্মরণে প্রতিবছর ৩০ জুন বিশ্বজুড়ে সাঁওতাল সম্প্রদায় ‘হুল দিবস’ পালন করে।
শু/সবা
রংপুর ব্যুরো: 





















