ময়মনসিংহের ত্রিশালে ১১ বছর বয়সী কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মসজিদের এক ইমামকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার ব্যক্তির নাম সাইফুল ইসলাম ওরফে খোকা (৫৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১২টার দিকে সাইফুল ওই শিশুকে ডেকে মসজিদে নিয়ে যান। ওই সময় স্থানীয় এক ইউপি সদস্য মসজিদের পাশ দিয়ে যাচ্ছিলেন। শিশুটিকে মসজিদে ঢুকতে দেখে তাঁর সন্দেহ হয়। কিছুক্ষণ পর তিনি মসজিদের জানালার ফাঁকা অংশ দিয়ে সাইফুলকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। তাঁর চিৎকারে বাজারের লোকজন এসে অভিযুক্ত সাইফুলকে হাতেনাতে আটক করেন।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের ভাষ্য, উত্তেজিত জনতা সাইফুলকে জুতার মালা পরিয়ে পিটুনি দেন এবং জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ কল করে পুলিশকে জানান। পুলিশ এসে তাঁকে থানা হেফাজতে নেয়।
এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ প্রথম আলোকে বলেন, ওই শিশুকে ডেকে এনে ধর্ষণের চেষ্টা চালান ওই ইমাম। স্থানীয়ক বাসিন্দারা তাঁকে আটকে পুলিশে দেন। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেছেন। ওই মামলায় ইমামকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ শনিবার তাঁকে আদালতে পাঠানো হবে।
এর আগে গত ২০ ও ২২ জুন উপজেলার দুটি মসজিদে দুই কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে আটক হন দুই ইমাম।
শু/সবা
স্টাফ রিপোর্টার: 



















