চলতি বছরের এইচএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের আট জেলার ১ লাখ ১৩ হাজার ৪৭৯ জন শিক্ষার্থী অংশ নেবে। বৃহস্পতিবার (২ জুলাই) থেকে সারাদেশের মতো এ বোর্ডের অধীনেও পরীক্ষা শুরু হবে।
দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বোরহান উদ্দিন জানান, বোর্ডের অধীনে ৬৬৫টি কলেজের শিক্ষার্থীরা ২১৩টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে। মোট পরীক্ষার্থীর মধ্যে ছেলে ৫৪ হাজার ৪৩৬ জন এবং মেয়ে ৫৯ হাজার ৪৩ জন। ফলে এবার ছেলেদের তুলনায় ৪ হাজার ৬০৭ জন বেশি মেয়ে পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।
বিভাগভিত্তিক পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগে ২৭ হাজার ৩৯ জন, মানবিক বিভাগে ৭৯ হাজার ১৩ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৭ হাজার ৪২৭ জন রয়েছে।
পরীক্ষা নিয়ন্ত্রক আরও জানান, মোট পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত ৮৩ হাজার ১৭৬ জন, অনিয়মিত ২৯ হাজার ৬৩৯ জন, মানোন্নয়ন পরীক্ষার্থী ৬৩০ জন এবং প্রাইভেট পরীক্ষার্থী ৩ জন।
দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস আহমেদ বলেন, শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনের জন্য একাধিক ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে বাধ্যতামূলকভাবে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। কেন্দ্র সচিবরা নিজ কক্ষ থেকে সব পরীক্ষাকক্ষ পর্যবেক্ষণ করতে পারবেন এবং কোনো অনিয়ম ধরা পড়লে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, পরীক্ষা চলাকালে প্রতিটি কেন্দ্রের ২০০ গজের মধ্যে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা কার্যকর থাকবে। এ বিষয়ে জনসচেতনতা তৈরিতে কেন্দ্র সচিবদের মাইকিংয়ের নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া কলেজ শিক্ষকদের সমন্বয়ে নিয়মিত ভিজিল্যান্স টিমের পাশাপাশি বোর্ডের কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে সাতটি ঝটিকা ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। এসব টিম বোর্ডের সব পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবে।
বোর্ড চেয়ারম্যান বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও ত্রুটিমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
শু/সবা
রংপুর ব্যুরো: 














