খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজ)-এর দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ এ চ্যানেল নাইনের খুলনা বিভাগীয় প্রধান সুনীল দাস সভাপতি, গাজী টিভির স্টাফ রিপোর্টার শেখ লিয়াকত হোসেন সাধারণ সম্পাদক এবং এটিএন বাংলার ক্যামেরাপার্সন মো. আবু সাঈদ কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
গত বৃহস্পতিবার নির্ধারিত নির্বাচন দিবসে সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষসহ নির্বাহী কমিটির ১১টি পদের বিপরীতে সমসংখ্যক প্রার্থী থাকায় নির্বাচন পরিচালনা কমিটি তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. হেদায়েৎ হোসেন মোল্লা জানান, গত ১৬ মে নির্বাহী পরিষদ এবং ১৩ জুন সাধারণ সভায় নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী ১৭ জুন মনোনয়নপত্র জমা এবং ১৯ জুন মনোনয়নপত্র প্রত্যাহারের পর সব পদে একক প্রার্থী থাকায় তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
নির্বাচিত অন্যান্য নেতারা হলেন— সহ-সভাপতি আমিরুল ইসলাম ও মিজানুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন খান, দপ্তর সম্পাদক মো. সোহেল রানা, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক তপু বিশ্বাস এবং নির্বাহী সদস্য উত্তম সরকার, মাসুদ খান পলাশ ও আমজাদ আলী লিটন।
শু/সবা
খুলনা ব্যুরো 




















