বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য তারেক রহমান-কে অভিনন্দন জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৮ ফেব্রুয়ারি) তারেক রহমানের কাছে পাঠানো এক অভিনন্দনপত্রে মার্কিন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে এই ঐতিহাসিক বিজয়ে শুভেচ্ছা ও সফলতা কামনা করেন।
চিঠিতে ট্রাম্প উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ-এর মধ্যকার অংশীদারিত্ব পারস্পরিক সম্মান এবং একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শক্তিশালী ও সার্বভৌম রাষ্ট্রগুলোর সমৃদ্ধি নিশ্চিত করার যৌথ স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে।
মার্কিন প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন, নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারিত হবে। পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে কৃষক ও শ্রমিকদের উপকার হবে বলেও তিনি চিঠিতে উল্লেখ করেন।
এ ছাড়া চিঠিতে নিয়মিত প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। প্রতিরক্ষা চুক্তিগুলো সম্পন্নের মাধ্যমে বাংলাদেশের সামরিক বাহিনীর জন্য উচ্চমানের মার্কিন সরঞ্জামে প্রবেশাধিকার নিশ্চিত করার প্রত্যাশার কথাও জানান ট্রাম্প।
চিঠির শেষাংশে তিনি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক আগের যেকোনো সময়ের তুলনায় আরও দৃঢ় ও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের প্রতি পূর্ণ আস্থার কথাও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।
শু/সবা
সবুজ বাংলা অনলাইন 





















