আসন্ন সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জামায়াতে ইসলামী ও তাদের শরিক দলগুলোর সমন্বয়ে গঠিত জোটের ১২ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তবে প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেওয়ায় একজন প্রার্থীর মনোনয়ন সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
জামায়াতে ইসলামী থেকে মনোনীত ৯ জন প্রার্থীর সবাই বৈধতা পেয়েছেন। তাদের মধ্যে রয়েছেন নুরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী, নাজমুন নাহার নীলু, অধ্যাপক মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম, ইঞ্জিনিয়ার মারদিয়া মমতাজ এবং শহীদ জাবির ইব্রাহীমের মা রোকেয়া বেগম।
জোটের শরিক দলগুলোর মধ্যে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান, বাংলাদেশ খেলাফত মজলিসের ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এবং জাতীয় নাগরিক পার্টির ডা. মাহমুদা আলম মিতুর মনোনয়নও বৈধ ঘোষণা করা হয়েছে।
অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতির কারণে স্থগিত রাখা হয়েছে। তাকে বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে প্রয়োজনীয় নথি জমা দেওয়ার সময়সীমা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাগজপত্র জমা দিতে ব্যর্থ হলে তার প্রার্থিতা বাতিল হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শু/সবা
























