ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর জীবনের প্রথম ভোট দিয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে তিনি গলাচিপা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট প্রদানের পর নুর কেন্দ্রের পরিবেশ ও ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “৩৩ বছর বয়সে জাতীয় নির্বাচনে জীবনে এই প্রথম ভোট দিলাম এবং নিজেই প্রার্থী। আজ আমার জীবনের প্রথম ভোট দিতে পেরে ভালো লাগছে। দীর্ঘদিন পর দেশের মানুষ অংশগ্রহণমূলক ও উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে, এটাই বড় অর্জন। আশা করছি, দিন শেষে জনগণের রায়ই প্রতিফলিত হবে।”
পটুয়াখালীর চারটি সংসদীয় আসনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে এবং জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
পটুয়াখালী জেলায় মোট ভোটার সংখ্যা ১৫,০৯,৫৮৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭,৬১,৯৮৬, নারী ভোটার ৭,৪৭,৫৮৫, এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৮ জন। জেলায় স্থায়ী ভোটকেন্দ্র ৫১৩টি, স্থায়ী ভোটকক্ষ ২,৮৯০টি, অস্থায়ী কেন্দ্র ২৪৬টি, মোট ভোটকক্ষ ৩,১৩৬টি। জেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে ৮টি উপজেলা, ৫টি পৌরসভা এবং ৭৭টি ইউনিয়নে।
ভোটার উপস্থিতি ও কেন্দ্রের সুষ্ঠু ব্যবস্থাপনা নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করছে এবং উৎসবমুখর পরিবেশ ভোটে অংশগ্রহণকে উজ্জীবিত করছে।
শু/সবা

























