গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ঘরের মধ্যে ড্রামে ৫০ লিটার ডিজেল মজুত করে রাখেন আশিকুর রহমান বাবু প্রামাণিক নামে এক ট্রাক মালিক। গত মঙ্গলবার বিকালে খেলাধুলার সময় সেই ড্রামে রাখা ডিজেলে পড়ে যায় আরাফ প্রামাণিক (৩) নামে এক শিশু। পরে শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আজ ২২ এপ্রিল বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা যায়, সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামের আশিকুর রহমান বাবু একজন ট্রাক মালিক। গাড়িটির জন্য অর্ধেক কাটা একটি ড্রামে ৫০ লিটার ডিজেল সংরক্ষণ করে রাখেন তিনি। গত মঙ্গলবার বিকালের দিকে বাড়ির বারান্দায় খেলছিল তার ছেলে আরাফ প্রামাণিক। খেলাধুলার একপর্যায়ে ঘরের বারান্দায় রাখা অর্ধেক কাটা প্লাস্টিকের ড্রামের ডিজেলে পড়ে যায় শিশুটি।
এর কিছুক্ষণ পর বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে আরাফ প্রামাণিক মারা যায়।
এ বিষয়ে ধাপেরহাট ইউনিয়ন পরিষদ সদস্য মেহেদী হাসান একরামুল বলেন, ঘরে ড্রামে মজুত রাখা ডিজেলে ডুবে অসুস্থ হয়ে আরাফ প্রামাণিক নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার সকালে শিশুটির মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসেন তার স্বজনরা। এ ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
সাদুল্লাপুর থানার ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ স্বপন কুমার সরকার বলেন, ডিজেলে ডুবে এক শিশুর মৃত্যু ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক।
শু/সবা
























