জামালপুরে এক গৃহবধূকে অপহরণ ও সংঘবদ্ধভাবে ধর্ষণের ঘটনায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন— বুলবুল আহমেদ (৪৫), কালাম মাক্কু (৫০) এবং রুকু (৫৫)। তারা সবাই জামালপুরের বিভিন্ন এলাকার বাসিন্দা।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০২৩ সালের ১৪ মে রাত ১০টার দিকে জামালপুর পৌর এলাকার শাহ জামালের মাজারের সামনে থেকে ভুক্তভোগী গৃহবধূকে সিএনজিচালিত অটোরিকশায় করে অপহরণ করা হয়। পরে তাকে খুপিবাড়ী এলাকায় নিয়ে গিয়ে জোরপূর্বক বিয়ের চেষ্টা করা হয়। এতে রাজি না হলে তাকে নির্যাতন করা হয় এবং একপর্যায়ে তিনজন মিলে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে।
ঘটনার পরদিন ভুক্তভোগী নারী বিষয়টি তার স্বামীকে জানান। পরে তার স্বামী বাদী হয়ে জামালপুর সদর থানায় অপহরণ ও ধর্ষণের মামলা দায়ের করেন।
দীর্ঘ বিচারপ্রক্রিয়ায় ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় দেন।
মামলায় আসামিপক্ষে আইনজীবী হিসেবে ছিলেন অ্যাডভোকেট মোকাম্মেল হক ও এসএম কামরুল হাসান উল্লাস।
























