ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কারবিষয়ক গণভোটে মহাখালীর সরকারি তিতুমীর কলেজ কেন্দ্র সকাল সাড়ে ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত মোট ২৫১টি ভোট পড়েছে। কেন্দ্রটির মোট ভোটার সংখ্যা ৩,১৮২ জন, যা অনুযায়ী সকাল ১০টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ৭.৮৯ শতাংশ। ভোট এখনও বাকি ৯২.১১ শতাংশ।
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. শাহিনুল ইসলাম জানান, এটি শুধুমাত্র মহিলা ভোটারদের কেন্দ্র। সকাল পর্যন্ত ভোট গ্রহণ সুন্দর ও স্বাভাবিকভাবে চলছে এবং মানুষ উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করছেন।
সার্বিক পরিদর্শনে দেখা যায়, কেন্দ্রে ৬টি বুথ রয়েছে, যেখানে মহিলা ভোটাররা ভোট দিচ্ছেন। কেন্দ্রের সামনের সড়কে অস্থায়ী প্রচারণা বুথ থেকে বিভিন্ন দলের নেতাকর্মীরা কার্যক্রম পরিচালনা করছেন।
এদিন সকাল সাড়ে সাতটায় সারা দেশে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। এবারের নির্বাচনে দেশি ও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা নজর রাখছেন। দেশে অবস্থান করছেন ৫৪০ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক, যার মধ্যে ইউরোপীয় ইউনিয়নের ২২৩ জন এবং কমনওয়েলথ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি রয়েছেন। এছাড়া আল-জাজিরা, বিবিসি, রয়টার্স, এপিসহ বিশ্বখ্যাত ১৫০ জন সাংবাদিক সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত।
শু/সবা
সবুজ বাংলা ডিজিটাল রিপোর্ট 

























