ঢাকা-৮ আসনের ১২টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস ৯২৬ ভোটে এগিয়ে রয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ শেষে গণনার পর প্রাপ্ত ফল অনুযায়ী, এই ১২ কেন্দ্রে মির্জা আব্বাস পেয়েছেন ৭,৪২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলাকলি প্রতীকের প্রার্থী নাসীরউদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৬,৪৯৭ ভোট।
এর আগে সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে। ভোটগ্রহণ শেষে দেশজুড়ে কেন্দ্রভিত্তিক গণনা চলছে।
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, শুক্রবার সকালে সারা দেশ থেকে প্রাপ্ত ফলাফল একত্র করে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর এক প্রার্থীর মৃত্যুর কারণে ওই আসনের নির্বাচন স্থগিত থাকায় ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটারও অন্তর্ভুক্ত রয়েছেন।
সারা দেশে ৪২,৭৭৯টি কেন্দ্রে ৫০টি রাজনৈতিক দলের ২,০২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন; এর মধ্যে ১,৭৫৫ জন দলীয় ও ২৭৩ জন স্বতন্ত্র প্রার্থী।
এবারের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচনের পাশাপাশি সংবিধান সংস্কারের লক্ষ্যে ‘জুলাই সনদ ২০২৫’ বাস্তবায়নের প্রশ্নে ভোটাররা ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিয়েছেন।
শু/সবা

























