নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার শিমুলিয়া ঘাট এলাকায় বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোররাতে দুর্বৃত্তরা কার্যালয়ে আগুন দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের সূত্রপাত হলে আশপাশের লোকজন ছুটে এসে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু অল্প সময়ের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্র পুড়ে যায়। এই ঘটনার তথ্য পুলিশকে জানানো হয়েছে।
রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু অভিযোগ করে বলেন, গত ১২ ফেব্রুয়ারি বিএনপির বিজয় মেনে নিতে পারেনি এবং বিএনপির কথা শোনার পরিবর্তে যাদের ‘গায়ে আগুন জ্বলে’, তারাই আমাদের কার্যালয়ে আগুন দিয়েছে। রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, অপরাধীদের চিহ্নিত করে যথাযথ বিচার করতে হবে এবং কোনো নিরাপরাধ ব্যক্তিকে হয়রানি করা হবে না।
রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ সবজেল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
শু/সবা























