স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, তদন্তের ভিত্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভেঙে দিয়ে তামিম ইকবালের নেতৃত্বে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, “এটি কোনো ‘বাপের দোয়া মায়ের দোয়া’ কমিটি নয়, বরং একজন খেলোয়াড়ের নেতৃত্বে গঠিত একটি কাঠামো।”
বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় ক্রীড়া খাতে ব্যাপক প্রভাব বিস্তারের অভিযোগ উঠে। বিশেষ করে ক্রিকেট বোর্ডসহ বিভিন্ন ক্লাবে হস্তক্ষেপের বিষয়টি তদন্ত করা হয়। সেই তদন্তের ফলাফলের ভিত্তিতেই বোর্ড ভেঙে নতুন করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
এর আগে বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, বিসিবি এখন আর প্রকৃত অর্থে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নেই, বরং এটি ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ডে’ পরিণত হয়েছে।
এদিকে একই দিনে সংসদে সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল অনুমোদন করা হয়। এতে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সংগঠনের কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করা হয়েছে। বিলটি স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে উত্থাপন করেন।
বিল পাসের আগে বিরোধীদলীয় নেতা আপত্তি জানিয়ে বলেন, সংশ্লিষ্ট নথি তারা মাত্র কয়েক মিনিট আগে পেয়েছেন, ফলে তা পর্যালোচনার যথেষ্ট সময় পাননি। তবে স্পিকার জানান, নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় এ পর্যায়ে আর আপত্তি গ্রহণের সুযোগ নেই।
উল্লেখ্য, অধ্যাদেশ আকারে আনা এই সংশোধনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত একটি রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ রাখার বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে।
শু/সবা
























