লেবাননের রাজধানী বৈরুত ও দক্ষিণাঞ্চলে আজ বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যার দিকে একযোগে ব্যাপক হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। মাত্র ১০ মিনিটের ব্যবধানে চলা এই অভিযানে কয়েকশ মানুষ নিহত ও আহত হয়েছেন।
লেবাননের স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসেরদ্দিন জানিয়েছেন, এত মানুষ আহত ও নিহত হয়েছেন যে হাসপাতালগুলোতে আর রোগীদের স্থান দেওয়া যাচ্ছে না। তিনি বলেন, “বৈরুতে ও অন্যান্য জায়গায় ইসরায়েলের হামলার কারণে হাসপাতালগুলো শহিদ ও আহত মানুষে ভরে উঠেছে।”
লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম বলেন, ইসরায়েল বেসামরিক নাগরিকদের হত্যা চালাচ্ছে এবং যুদ্ধ বন্ধের সকল আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রচেষ্টাকে উপেক্ষা করছে। তিনি আন্তর্জাতিক আইন ও মানবিক আইনের প্রতি ইসরায়েলের অবজ্ঞা উল্লেখ করেছেন এবং লেবাননের সকল মিত্রকে আগ্রাসন বন্ধে সহায়তা করার আহ্বান জানিয়েছেন।
রেডক্রস জানিয়েছে, ইসরায়েলি হামলার পর তাদের ১০০টি অ্যাম্বুলেন্স আহত ও নিহতদের উদ্ধার কাজে নিয়োজিত হয়েছে।
এর আগে আজ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে। তবে ইসরায়েল লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে, যা আন্তর্জাতিক চুক্তি ও যুদ্ধবিরতির শর্ত উপেক্ষা করে।
শু/সবা

























