শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর খাল খনন কর্মসূচিকে ‘বিপ্লব’ হিসেবে উল্লেখ করে পানিসম্পদ মন্ত্রী বলেছেন, দীর্ঘদিন ধরে অসমাপ্ত থাকা এই উদ্যোগ বর্তমান সময়ে তারেক রহমান-এর নেতৃত্বে সম্পন্ন হবে।
শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার হামছাদী ইউনিয়নে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, জিয়াউর রহমানের সময় শুরু হওয়া খাল খনন কর্মসূচি ছিল একটি যুগান্তকারী উদ্যোগ। তবে নানা কারণে সেই কার্যক্রম পূর্ণতা পায়নি। তাঁর চিন্তা, পরিকল্পনা ও দূরদর্শিতার আলোকে কর্মসূচিটি বাস্তবায়িত হলে দেশ আরও এগিয়ে যেত বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, দীর্ঘদিন এ বিষয়ে কার্যক্রম স্থবির থাকলেও বর্তমানে পুনরায় উদ্যোগ নেওয়া হয়েছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী খালগুলো তাদের স্বাভাবিক প্রবাহ ফিরে পাবে এবং সব বাধা অতিক্রম করে এই কর্মসূচি বাস্তবায়িত হবে।
অনুষ্ঠানে মন্ত্রী কোদাল দিয়ে মাটি কেটে কাফিলাতলী বাজার থেকে হামছাদী পর্যন্ত প্রায় ১২ দশমিক ৬ কিলোমিটার দীর্ঘ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন। তিনি জানান, বিভিন্ন স্থানে খালের ভেতরে অবৈধভাবে দোকানপাট ও বসতবাড়ি গড়ে ওঠায় পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এছাড়া শিল্পকারখানা ও গৃহস্থালির বর্জ্য খালে ফেলা পরিবেশের জন্য হুমকি তৈরি করছে।
লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, জেলা প্রশাসক এস এম মাহেদী হাসান, পুলিশ সুপার মো. আবু তারেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উল্লেখ্য, সর্বশেষ ১৯৭৮ সালে খনন হওয়া এই খাল পুনঃখননে ব্যয় ধরা হয়েছে প্রায় ২ কোটি ৮৪ লাখ টাকা। খালটি পুনঃখনন সম্পন্ন হলে লক্ষ্মীপুর সদর উপজেলার হামছাদী ও রায়পুরের বামনী ইউনিয়নসহ চারটি ইউনিয়নের লক্ষাধিক মানুষ জলাবদ্ধতা নিরসন ও কৃষিকাজে উপকৃত হবেন।
শু/সবা
স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর: 
























