পর্যটন নগরী কক্সবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন আসামিসহ মোট ১৪ জনকে গ্রেফতার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার কক্সবাজারের নির্দেশক্রমে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)-এর সার্বিক পরিকল্পনায় শহর এলাকায় ছিনতাইকারী দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এরই ধারাবাহিকতায় কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ছমি উদ্দিন-এর নেতৃত্বে গত ২৪ ঘণ্টায় কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে অভিযান চালানো হয়।
এসময় ডাকাতি প্রস্তুতিকালে আটক ৫ জন যথাক্রমে সাইফুল ইসলাম প্রকাশ সাইফুল রহমান (২৬), পাহাড়তলী, কক্সবাজার পৌরসভা, মোহাম্মদ হোসেন (২৪), দক্ষিণ পাহাড়তলী ইসলামপুর (ভাসমান), আবুল হায়াত মোহাম্মদ তারেক (২৬), বৈদ্যঘোনা, কক্সবাজার পৌরসভা, মোঃ শফিক (২১), আদর্শগ্রাম, ভারুয়াখালী ইউনিয়ন তারেক (২০), আদর্শগ্রাম, ভারুয়াখালী ইউনিয়ন।
পরোয়ানাভুক্ত পলাতক ৯ আসামি যথাক্রমে, আনোয়ারুল ইসলাম (৪২), মোঃ কফিল উদ্দিন (১৭), নবাব মিয়া (৪৫), জাবেদ (৩০), মোঃ তারেক জিয়া (২৪), মুফিজ, বিধু শর্মা, মোঃ হানিফ (৩৬) এবং খন্দকার শাহীন ইসলাম (২০)।
গ্রেফতারকৃত সকল আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ কর্মকর্তারা জানান, কক্সবাজার শহরে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
শু/সবা
























