দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন দ্রুত শুরু করা হবে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে অল্প সময়ের মধ্যেই নির্বাচনী প্রক্রিয়া শুরু করা হবে এবং বিষয়টি বর্তমানে সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর সংসদ সদস্য জহিরুল ইসলামের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনটি পরিচালনা করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।
স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, স্থানীয় সরকার নির্বাচন সাধারণত ধাপে ধাপে অনুষ্ঠিত হয় এবং পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় ১০ মাস থেকে এক বছর সময় লাগে। ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচনী সামগ্রী সংগ্রহ, ধর্মীয় উৎসব, পাবলিক পরীক্ষা, আবহাওয়া পরিস্থিতি, ভোটকেন্দ্র প্রস্তুত ও কর্মকর্তাদের প্রশিক্ষণসহ নানা বিষয় বিবেচনা করে তফসিল ঘোষণা করা হয়। তিনি বলেন, তফসিল ঘোষণার আগে অন্তত ৪৫ দিনের প্রস্তুতি প্রয়োজন।
অন্যদিকে বিএনপি দলীয় সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, জাতীয় ও স্থানীয় কোনো নির্বাচনেই আর ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তিনি বলেন, প্রায় ৩ হাজার ৮২৫ কোটি টাকায় দেড় লাখ ইভিএম কেনার একটি প্রকল্প বাস্তবায়িত হয়েছিল, যার অডিট আপত্তি ও তদন্ত বর্তমানে চলমান রয়েছে। অব্যবহৃত ইভিএমগুলো বিভিন্ন গুদামে সংরক্ষিত আছে।
এছাড়া ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. ইলিয়াস মোল্লার প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, জনপ্রশাসন সংস্কার কমিশন ফরিদপুর ও কুমিল্লা নামে দুটি নতুন বিভাগ গঠনের সুপারিশ করেছে। প্রস্তাব অনুযায়ী ফরিদপুর বিভাগ গঠিত হবে ঢাকা বিভাগের ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও শরীয়তপুর জেলা নিয়ে। এ বিষয়ে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
























