ইরানের সুপ্রিম লিডার মোজতবা খামেনি মন্তব্য করেছেন, ভবিষ্যতে পারস্য উপসাগর যুক্তরাষ্ট্রবিহীন একটি অঞ্চলে পরিণত হবে। তিনি বলেন, দূর-দূরান্ত থেকে লোভ ও বিদ্বেষ নিয়ে এই অঞ্চলে আসা বিদেশি শক্তির স্থান হবে সমুদ্রের তলদেশে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে খামেনির লিখিত বক্তব্য পড়ে শোনানো হয়। বক্তব্যে তিনি বলেন, “আল্লাহর সাহায্যে পারস্য উপসাগরের ভবিষ্যৎ হবে উজ্জ্বল এবং আমেরিকাবিহীন। সেই ভবিষ্যৎ এই অঞ্চলের জনগণের অগ্রগতি, স্বাচ্ছন্দ্য ও সমৃদ্ধির জন্য নিবেদিত থাকবে।”
তিনি আরও বলেন, পারস্য উপসাগর ও ওমান সাগর তীরবর্তী দেশগুলোর লক্ষ্য এক—নিজেদের উন্নয়ন নিশ্চিত করা। যারা হাজার হাজার কিলোমিটার দূর থেকে এই অঞ্চলে আসে, তাদের এখানে কোনো স্থান নেই।
খামেনি দাবি করেন, ইরান উপসাগরীয় অঞ্চল রক্ষায় ভূমিকা রাখবে এবং শত্রুপক্ষের অপব্যবহারের অবসান ঘটাবে। একইসঙ্গে হরমুজ প্রণালি-তে নতুন ব্যবস্থাপনা আনার মাধ্যমে শান্তি, সমৃদ্ধি ও অর্থনৈতিক সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে বলেও তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এরপর মোজতবা খামেনি নতুন সুপ্রিম লিডার হিসেবে দায়িত্ব নেন, যদিও এখনো তাকে প্রকাশ্যে দেখা যায়নি।
শু/সবা
সবুজ বাংলা আন্তর্জাতিক ডেস্ক 






















