ইউক্রেন যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-কে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি জানিয়েছেন, রাশিয়ার বিজয় দিবস উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করতে তিনি প্রস্তুত।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস এক প্রতিবেদনে এ তথ্য জানায়। এতে ক্রেমলিনের আন্তর্জাতিক বিষয়ক সহকারী ইউরি উশাকভের বরাত দিয়ে বলা হয়, পুতিন ট্রাম্পকে জানিয়েছেন—৯ মে উদযাপিত বিজয় দিবসের সময় যুদ্ধবিরতি ঘোষণা করা যেতে পারে।
উশাকভ জানান, ট্রাম্প এই উদ্যোগকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন এবং বলেছেন, এই দিনটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিবাদের বিরুদ্ধে যৌথ বিজয়ের প্রতীক।
প্রতি বছর ৯ মে রাশিয়ায় বিজয় দিবস পালিত হয়। ১৯৪৫ সালে নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয়ের স্মরণে দিনটি উদযাপিত হয়ে আসছে।
ট্রাম্প ও পুতিনের সাম্প্রতিক ফোনালাপে প্রায় দেড় ঘণ্টা ধরে ইউক্রেন যুদ্ধ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একইসঙ্গে ইরান ইস্যুতেও দুই নেতা মতবিনিময় করেন।
ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, পুতিনের সঙ্গে তার আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং মূলত ইউক্রেন যুদ্ধ নিয়েই বেশি কথা হয়েছে। তিনি জানান, পুতিন ইরান ইস্যুতে সহায়তার আগ্রহ দেখালেও তিনি রুশ প্রেসিডেন্টকে আগে ইউক্রেনে আগ্রাসন বন্ধ করার আহ্বান জানিয়েছেন।
সবুজ বাংলা আন্তর্জাতিক ডেস্ক 






















