নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নগদের একটি ডিস্ট্রিবিউশন হাউজে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় দুর্বৃত্ত্বরা অস্ত্রের মুখে হাউজের কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করে নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এতে ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা বলে দাবি করেছেন নগদের পরিবেশক।
শনিবার (২ মে) সকালে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত জালাল টাওয়ারে নগদের ডিস্ট্রিবিউটর (টি – এন্টারপ্রাইজ) কার্যালয়ে এ ঘটনা ঘটে।
সোনারগাঁ নগদের ডিস্ট্রিবিউটর আল আমিন জানান, সকাল ৯টার দিকে ৮-১০ জনের একটি সশস্ত্র দল শর্টগান, পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে নগদের (টি – এন্টারপ্রাইজ) অফিসে প্রবেশ করে। তারা সেখানে উপস্থিত কর্মকর্তাদের পিস্তল ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দেয় এবং মারধর করে আহত করে। একপর্যায়ে দুর্বৃত্ত্বরা ড্রয়ারে থাকা নগদ সাত লাখ টাকা, পাঁচটি মোবাইল ফোন এবং সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্কসহ লুট করে নিয়ে যায়। পাশাপাশি কর্মকর্তাদের নিকট হতে ছিনিয়ে নেয়া মোবাইল ফোনে প্রায় এক কোটি টাকার ই-মানি ব্যালেন্স রয়েছে। যার সব মিলিয়ে লুটের অর্থ প্রায় এক কোটি টাকা বলে অভিযোগ করা হয়েছে। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ঘটনায় নগদের ডিস্ট্রিবিউটর আল আমিন বাদি হয়ে রবিউল আউয়াল পিন্টুর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহিবুল্লাহ জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। নগদ কোম্পানির ৭ লাখ টাকার ক্যাশসহ বিভিন্ন মালামাল লুটের অভিযোগ দায়ের করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশ কাজ শুরু করেছে।
শু/সবা
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ 























