ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে অস্বীকৃতি জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি।
মঙ্গলবার (৫ মে) বিকেলে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “আমি রাজভবন কেন যাব? আমরা তো হারিনি। জোর করে দখল করে কেউ যদি ভাবে আমাকে পদত্যাগ করতে হবে, সেটা হবে না। আমরাই জিতেছি।”
নির্বাচন কমিশনের বিরুদ্ধেও কঠোর অভিযোগ তোলেন তিনি। তার দাবি, এই নির্বাচনে প্রকৃত প্রতিদ্বন্দ্বিতা ছিল না বিজেপির সঙ্গে, বরং নির্বাচন কমিশনের সঙ্গে। তিনি অভিযোগ করেন, ইভিএমে অনিয়ম, ভোটের আগে দলীয় কর্মীদের গ্রেপ্তার এবং প্রশাসনিক কর্মকর্তাদের বদলসহ নানা কৌশলে ফলাফল প্রভাবিত করা হয়েছে।
মমতা আরও বলেন, প্রায় ১০০টি আসন জোর করে ছিনিয়ে নেওয়া হয়েছে এবং পরিকল্পিতভাবে ভোটার তালিকা থেকে নাম কাটা হয়েছে। তার ভাষায়, “সব কিছু পরিকল্পনা করে করা হয়েছে।”
নিজের ওপর হামলার অভিযোগ তুলে তিনি বলেন, গণনা কেন্দ্র থেকে তাকে বাধা দিয়ে বের করে দেওয়া হয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।
ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তিনি জানান, বিরোধী জোটকে আরও শক্তিশালী করা হবে এবং মানুষের পাশে থেকে রাজপথেই আন্দোলন চালিয়ে যাবেন।
এর আগে প্রকাশিত ফলাফলে দেখা যায়, ২৯৩টি আসনের মধ্যে ভারতীয় জনতা পার্টি পেয়েছে ২০৭টি আসন, আর তৃণমূল কংগ্রেস পেয়েছে ৮০টি আসন। অন্যান্য দল মিলিয়ে বাকি আসনগুলো ভাগাভাগি হয়েছে।
শু/সবা
সবুজ বাংলা আন্তর্জাতিক ডেস্ক 





















