সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। বুধবার (৩ জুন) দিবাগত রাত ২টার দিকে সীমান্তবর্তী কালিন্দী নদী এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন কালিগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের মো. মহিউদ্দিন (৪২) ও মো. শাহীন (২৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে ওই দুই ব্যক্তি অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যান। পরে কলকাতার হাওড়া হয়ে ভারতের তামিলনাড়ু রাজ্যে অবস্থান করে রাজমিস্ত্রির কাজ করছিলেন। মঙ্গলবার রাতে তারা অবৈধভাবে দেশে ফেরার উদ্দেশ্যে কালিন্দী নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন।
এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে দুজনই গুলিবিদ্ধ হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাত সোয়া ৩টার দিকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল হোসেন জানান, প্রাথমিকভাবে জানা গেছে আহতরা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। একইভাবে দেশে ফেরার সময় তারা গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
শু/সবা
সবুজ বাংলা অনলাইন 






















