টাঙ্গাইলের গোপালপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও একজন নিহত হওয়ার ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। তবে শুক্রবার (৫ জুন) সকালে সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে হামলা, ভাঙচুর ও ঘরবাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
সকালে গোপালপুর উপজেলার নলীন বাজার এবং ভূঞাপুর উপজেলার জগৎপুরা এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে জগৎপুরা এলাকায় কয়েকটি ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে বিভিন্ন স্থানে অবস্থান নেওয়ায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে নলীন বাজার, গোলপেঁচা ও জগৎপুরা এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার রাতেই সংঘর্ষে একজন নিহত হওয়ার পাশাপাশি ঘরবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে মাইকিং করে দ্বিতীয় দফায় সহিংসতার ডাক দেওয়ার অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাত ১২টার পর গোপালপুর ও ভূঞাপুর উপজেলার প্রশাসন ১৪৪ ধারা জারি করে।
স্থানীয় সূত্রে জানা যায়, দোকানে বাকি খাওয়াকে কেন্দ্র করে গত ২২ এপ্রিল গোপালপুর উপজেলার গোলপেঁচা এবং ভূঞাপুর উপজেলার জগৎপুরা গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। সেই বিরোধের জের ধরে বৃহস্পতিবার বিকেলে আবারও দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
সংঘর্ষে গুরুতর আহত হন কালাম তালুকদার। পরে তাকে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত আরও কয়েকজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে অন্তত ১০টি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাব্বির রহমান বলেন, দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
শু/সবা
ভূঞাপুর (টাংগাইল) প্রতিনিধি: 






















