গাইবান্ধার হোসেনপুর ইউনিয়নের কোমরপুর হাঁসবাড়ী গ্রামে অবস্থিত রাধাগোবিন্দ মন্দিরে হামলা চালিয়ে তা গুড়িয়ে দেওয়ার হুমকির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
শনিবার (৬ জুন) রাতে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, মন্দিরে হামলার হুমকিসংবলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এতে স্থানীয় জনগণের পাশাপাশি দেশের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। যেকোনো সময় সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংগঠনটি।
ঐক্য পরিষদ মনে করে, এ ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে। তাই পরিস্থিতি মোকাবিলায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকার, প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব এবং নাগরিক সমাজের প্রতি আহ্বান জানানো হয়েছে।
একই সঙ্গে হুমকিদাতা ও সাম্প্রদায়িক উসকানিদাতাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, রাধাগোবিন্দ মন্দিরটি শুধু একটি ধর্মীয় উপাসনালয় নয়; এখানে দেব-দেবীর বিগ্রহের পাশাপাশি বৃদ্ধাশ্রম, চিকিৎসাকেন্দ্রসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হয়। এছাড়া মন্দিরের উন্নয়নকাজও দীর্ঘদিন ধরে চলমান রয়েছে।
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
শু/সবা
নিজস্ব প্রতিবেদক: 





















