স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, বরং আগের তুলনায় পরিস্থিতি এখন ভালো রয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার আশঙ্কায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ছয় এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
সোমবার (২২ জুন) সচিবালয়ে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সভা-সমাবেশ করা বিরোধী দলের গণতান্ত্রিক অধিকার এবং এর মাধ্যমে গণতন্ত্র বিকশিত হচ্ছে। তবে প্রয়োজনীয় ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বাড়াতে হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আওয়ামী লীগের সম্ভাব্য অপতৎপরতা প্রতিরোধে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে এ-সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়।
চিঠিতে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠন দেশের বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।
এ পরিস্থিতিতে ঢাকা মহানগর, চট্টগ্রাম মহানগর, গাজীপুর মহানগর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় শান্তিশৃঙ্খলা বজায় রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের জানমাল রক্ষায় সোমবার থেকে ৩০ জুন পর্যন্ত ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব সময় সতর্ক ও তৎপর রয়েছে এবং যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শু/সবা
সবুজ বাংলা অনলাইন 























