দুই দিনের সরকারি সফর শেষে মালয়েশিয়া থেকে চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২২ জুন) স্থানীয় সময় বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তিনি দালিয়ানের উদ্দেশে যাত্রা করেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দালিয়ানে দুই দিন কর্মব্যস্ত সময় কাটানোর পর প্রধানমন্ত্রী চীনের রাজধানী বেইজিংয়ে যাবেন, যেখানে তাঁর সরকারি সফরের মূল কর্মসূচি শুরু হবে।
দালিয়ানে অবস্থানকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নেবেন।
কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের বুঙ্গা রায় কমপ্লেক্সের বিশেষ ভিআইপি টার্মিনালে প্রধানমন্ত্রীকে বিদায় জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলফিকলি হাসান ও তাঁর সহধর্মিণী। এ সময় মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম এবং ডেপুটি হাইকমিশনার শাহানারা মনিকাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়া পৌঁছান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ১৭ ফেব্রুয়ারি সরকারপ্রধানের দায়িত্ব গ্রহণের পর এটি ছিল তাঁর প্রথম বিদেশ সফর এবং প্রধানমন্ত্রী হিসেবে মালয়েশিয়ায় প্রথম রাষ্ট্রীয় সফর।
স্বল্প সময়ের এ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রথমে দুই নেতার মধ্যে একান্ত বৈঠক এবং পরে সীমিত ও সম্প্রসারিত পর্যায়ে প্রতিনিধি দলসহ আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, শ্রমবাজার, বিনিয়োগ ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।
শু/সবা
সবুজ বাংলা আন্তর্জাতিক ডেস্ক 























