সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে কোনো ধরনের দুর্নীতি, অনিয়ম বা স্বজনপ্রীতি বরদাশত করা হবে না বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, স্বচ্ছতা ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থার মাধ্যমে প্রকৃত দরিদ্রদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হবে।
শনিবার (৪ জুলাই) রংপুরে বিভাগীয় ও জেলা-উপজেলা পর্যায়ের সমাজসেবা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, গত তিন মাসে ৫৮টি ওয়ার্ডে সফলভাবে পাইলট কার্যক্রম পরিচালনার পর আগামী ১০ থেকে ১২ সপ্তাহের মধ্যে রংপুরসহ দেশের ৩০০টি নির্বাচনী এলাকায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করা হবে। এ কর্মসূচির আওতায় সরকারি প্রতিনিধিরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। পরে প্রক্সিমিটি মিনস টেস্ট (পিএমটি) স্কোরিংয়ের মাধ্যমে প্রকৃত উপকারভোগী নির্বাচন করে সরকারি সহায়তার অর্থ সরাসরি তাদের ব্যাংক হিসাবে পাঠানো হবে।
তিনি বলেন, বর্তমান সরকারের লক্ষ্য এমন একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলা, যেখানে রাজনৈতিক বা ধর্মীয় পরিচয়ের কারণে কেউ রাষ্ট্রীয় সুবিধা থেকে বঞ্চিত হবেন না। চলতি অর্থবছরে সামাজিক নিরাপত্তা কর্মসূচির জন্য ১ লাখ ৪৪ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
ডা. জাহিদ হোসেন বলেন, সরকার শুধু ভাতা প্রদানে সীমাবদ্ধ থাকতে চায় না; প্রশিক্ষণের মাধ্যমে মানুষকে দক্ষ ও স্বাবলম্বী করে তুলতে চায়। এ লক্ষ্যে সেলাই, কম্পিউটার, মোবাইল রিপেয়ারিং, পশুপালন, মৎস্য চাষ, ইলেকট্রিক্যাল, স্যানিটারি, বিউটিশিয়ান ও বেকারি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি প্রয়োজনীয় উপকরণ সরবরাহ এবং কর্মসংস্থানের জন্য বিনা সুদে ঋণের ব্যবস্থাও করা হবে।
তিনি আরও জানান, আন্তর্জাতিক কর্মবাজারের চাহিদা বিবেচনায় আরবি, জাপানিজ, ম্যান্ডারিন ও জার্মান ভাষা শেখানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি প্রতিবন্ধীদের জন্য মোবাইল থেরাপি ইউনিট সব জেলায় সম্প্রসারণ এবং প্রতিটি জেলায় মানসম্মত প্রতিবন্ধী বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।
রংপুর অঞ্চলের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়ার আশ্বাস দিয়ে সমাজকল্যাণমন্ত্রী স্থানীয় কর্মকর্তাদের সঠিক তথ্য ও প্রয়োজনীয় চাহিদা দ্রুত মন্ত্রণালয়ে পাঠানোর আহ্বান জানান।
এর আগে তিনি রংপুরের সরকারি শিশু পরিবার, আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রসহ সমাজসেবা বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠান ও কার্যালয় পরিদর্শন করেন।
রংপুর ব্যুরো: 



















