দলীয় নিয়োগের অভিযোগের কারণে ২০০৬ সালে চূড়ান্তভাবে বাতিল হওয়া পুলিশের প্রায় ৬০০ জন এসআই ও সার্জেন্টকে অবশ্যই চাকরি ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, নিয়োগ বাতিল হওয়া পুলিশের ফাইল দীর্ঘদিন প্রধান উপদেষ্টার দপ্তরে পেন্ডিং ছিল এবং শেষ পর্যন্ত অনুমোদন পাননি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “তারা ন্যায্য বিচার পাবেন। আদালতের রায় অনুসারে তাদের নিয়োগ ফেরত দেওয়ার বিষয়টি প্রধান উপদেষ্টার দপ্তরে জানানো হয়েছিল। যদিও কেন তা অনুমোদিত হয়নি জানি না, তবুও তারা অবশ্যই চাকরি পাবেন।”
পুলিশের কাজে হস্তক্ষেপ বিষয়ে সতর্ক করে তিনি বলেন, কেউ পুলিশের কাজে অবৈধভাবে হস্তক্ষেপ করতে পারবে না। যদি কেউ বাধা বা হস্তক্ষেপ করে, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।
শু/সবা
সবুজ বাংলা ডিজিটাল রিপোর্ট 























