লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলার কারণে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে। মাত্র ২৪ ঘণ্টায় আরও প্রায় এক লাখ মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। খবর দিয়েছে আল জাজিরা।
বৈরুত থেকে জেনেভায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ইউএনএইচসিআর-এর লেবানন প্রতিনিধি কারোলিনা লিন্ডহোম বিলিং বলেন, মাত্র একদিনেই লেবাননের ভেতরে নতুন করে এক লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
তিনি জানান, মঙ্গলবার (১০ মার্চ) পর্যন্ত লেবাননে ৬ লাখ ৬৭ হাজারের বেশি মানুষ সরকারের অনলাইন প্ল্যাটফর্মে নিজেদের বাস্তুচ্যুত হিসেবে নিবন্ধন করেছেন। এর মধ্যে মাত্র একদিনেই প্রায় এক লাখ মানুষ নতুন করে যুক্ত হয়েছেন।
বিলিং আরও বলেন, এই বাস্তুচ্যুতির হার ২০২৪ সালে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘটিত আগের যুদ্ধের সময়ের তুলনায় অনেক দ্রুতগতিতে বাড়ছে।
শু/সবা
সবুজ বাংলা আন্তর্জাতিক ডেস্ক 























