যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের অবরোধ থেকে হরমুজ প্রণালি ‘মুক্ত’ করতে বেশি সময় লাগবে না। ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলো এগিয়ে না এলেও অল্প সময়ের মধ্যেই এই গুরুত্বপূর্ণ জলপথ উদ্ধার করা সম্ভব বলে তিনি মন্তব্য করেছেন।
মঙ্গলবার সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমার বিশ্বাস, খুব বেশি সময় লাগবে না। আমরা উপকূলে প্রচণ্ড হামলা চালাচ্ছি। মূলত উপকূল ও জলভাগ কেন্দ্র করেই এই অভিযান চলছে।”
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর সঙ্গে সংঘাত শুরুর পর থেকেই বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালিতে অবরোধ দেয় ইরান। দেশটির অভিজাত সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হুঁশিয়ারি দেয়— যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্রদের জাহাজ চলাচল করলে তা লক্ষ্য করে হামলা চালানো হবে।
গত ১৭ দিনে হরমুজ প্রণালিতে ১২টিরও বেশি জাহাজে হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের বাণিজ্যিক নৌযান নিরাপত্তা সংস্থা। ফলে এই রুটে জাহাজ চলাচল কমে গেছে এবং এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেল-গ্যাসের দাম বাড়ছে।
এ পরিস্থিতিতে হরমুজ প্রণালিতে অবরোধ তুলে নিতে সামরিক অভিযানের সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ট্রাম্প মিত্র দেশগুলোকে যুদ্ধজাহাজ ও সেনা পাঠানোর আহ্বান জানালেও ইউরোপ ও এশিয়ার অনেক দেশ এতে সাড়া দেয়নি।
তবে ট্রাম্প জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলো তার আহ্বানে ইতোমধ্যে সাড়া দিয়েছে। তিনি বলেন, “মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ এবং ইসরায়েল অসাধারণ সহযোগিতা করছে।”
উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাত ইতোমধ্যে হরমুজ প্রণালি সংক্রান্ত যুক্তরাষ্ট্রের যেকোনো সিদ্ধান্তে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকোম মঙ্গলবার হরমুজ উপকূলে ব্যাপক বোমাবর্ষণ চালিয়েছে। এতে ইরানের কয়েকটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
শু/সবা
সবুজ বাংলা অনলাইন 
























