যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিয়ে চুক্তি আলোচনার অগ্রগতির প্রভাবে বৈশ্বিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। একই সঙ্গে মার্কিন শেয়ারবাজারে মিশ্র প্রবণতা দেখা গেছে।
মঙ্গলবার (১৬ জুন) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৫ দশমিক ৪ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৮ দশমিক ৬৬ ডলারে নেমে আসে। মার্চের পর এই প্রথম তেলের দাম ৮০ ডলারের নিচে নামল।
বিনিয়োগকারীদের ধারণা, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অন্তর্বর্তী সমঝোতা হলে সপ্তাহের শেষ দিকে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে যেতে পারে। এতে বৈশ্বিক তেল সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
তবে ইরানের পারমাণবিক কর্মসূচিসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো মতপার্থক্য রয়ে গেছে। তারপরও বিশ্লেষকদের মতে, সম্ভাব্য চুক্তি দীর্ঘমেয়াদে বৈশ্বিক অর্থনীতি ও মূল্যস্ফীতির ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে। কয়েক সপ্তাহ আগেও ব্রেন্ট ক্রুডের দাম ১০০ ডলারের ওপরে ছিল।
অন্যদিকে মার্কিন শেয়ারবাজারে মিশ্র চিত্র দেখা যায়। এসঅ্যান্ডপি ৫০০ সূচক দশমিক ২ শতাংশ কমেছে। তবে ডাও জোন্স সূচক ৫০২ পয়েন্ট বা ১ শতাংশ বেড়েছে। প্রযুক্তিনির্ভর নাসডাক কম্পোজিট সূচক দশমিক ৫ শতাংশ হ্রাস পেয়েছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শেয়ারে বড় ধরনের ওঠানামা বাজারে প্রভাব ফেলেছে। চিপ নির্মাতা কোম্পানি এনভিডিয়ার শেয়ার ১ দশমিক ৭ শতাংশ এবং মাইক্রন টেকনোলজির শেয়ার ৩ দশমিক ৫ শতাংশ কমেছে।
অন্যদিকে স্পেসএক্সের শেয়ার ১২ দশমিক ৮ শতাংশ বেড়েছে। জনপ্রিয় এআই কোডিং সহকারী ‘কার্সর’ অধিগ্রহণ পরিকল্পনার খবরের পর টানা তৃতীয় দিনের মতো কোম্পানিটির শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।
সূত্র: দ্য হিন্দু
শু/সবা
সবুজ বাংলা আন্তর্জাতিক ডেস্ক 






















