দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, খাল খনন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে এবং এর সরাসরি সুফল ভোগ করবেন স্থানীয় হতদরিদ্র জনগোষ্ঠী।
তিনি জানান, ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে চলতি বছরে ১ হাজার ৫০০ কিলোমিটার খাল খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী পাঁচ বছরে মোট ৭ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। খননকৃত খাল ঘিরে বনায়ন কর্মসূচি গ্রহণ করা হবে, যার লাভজনক সুবিধা স্থানীয় দরিদ্র জনগণ ভোগ করতে পারবেন। এছাড়া খালের পানিতে মাছ চাষ, সেচের মাধ্যমে কৃষিকাজ এবং পাড়ে বনায়নের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সৌন্দর্য বৃদ্ধি করা হবে।
বুধবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের বড়ুয়া খাল খনন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ত্রাণমন্ত্রী আরও বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী বিএনপি ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সেই লক্ষ্যে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে। প্রধানমন্ত্রী নিজে কোদাল দিয়ে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন, যার মাধ্যমে সারাদেশে একযোগে এ কার্যক্রম শুরু হয়েছে।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকেই এ ধরনের খাল খনন কর্মসূচি গ্রহণ করা হয়েছিল এবং তিনি নিজে দেশের বিভিন্ন এলাকায় এ কার্যক্রমে অংশ নিয়েছিলেন। বর্তমান উদ্যোগ সেই ধারাবাহিকতারই অংশ।
এসময় উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, পুলিশ সুপার আসাদুজ্জামানসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শু/সবা
লালমনিরহাট প্রতিনিধি: 





















