বদলগাছীতে “করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে বদলগাছী উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ মেলার আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মেলায় উপজেলার বিভিন্ন এলাকার কৃষক, উদ্যোক্তা ও ফলচাষিরা তাদের উৎপাদিত দেশীয় ও বিদেশি বিভিন্ন প্রজাতির ফল নিয়ে অংশগ্রহণ করেন। রঙিন ও আকর্ষণীয় স্টলে সাজানো নানা জাতের মৌসুমি ও অমৌসুমি ফল দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।
মেলার উদ্বোধন করেন বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি। এ সময় তিনি বলেন, “ফল শুধু মানুষের পুষ্টি চাহিদা পূরণ করে না, এটি অর্থনৈতিক সমৃদ্ধিরও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। বাড়ির আঙিনা থেকে শুরু করে বাণিজ্যিকভাবে ফল চাষের মাধ্যমে কৃষকরা স্বাবলম্বী হতে পারেন। ফল উৎপাদনের পাশাপাশি সঠিক সংরক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে সারা বছর ফলের চাহিদা পূরণ করা সম্ভব হয়।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান। তিনি বলেন, “কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর ফল চাষে উদ্বুদ্ধ করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। ফল মেলার মাধ্যমে কৃষকরা নতুন নতুন জাতের ফল, আধুনিক চাষাবাদ পদ্ধতি এবং ফল সংরক্ষণ প্রযুক্তি সম্পর্কে জানতে পারবেন, যা স্থানীয় পর্যায়ে ফল উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঃ হাদি চৌধুরী টিপু, বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুহুল আমিন এবং বদলগাছী পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম রঞ্জন কুমার পাল। এছাড়াও উপজেলা কৃষি অফিসের সকল উপসহকারী কৃষি কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, কৃষক-কৃষাণী, ফলচাষি, উদ্যোক্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বদলগাছী উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এ তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ আগামী ২০ জুন পর্যন্ত চলবে। মেলায় দর্শনার্থীদের জন্য বিভিন্ন জাতের দেশীয় ও বিদেশি ফলের প্রদর্শনী, কৃষি প্রযুক্তি বিষয়ক তথ্য প্রদান, ফল চাষ ও সংরক্ষণ বিষয়ে পরামর্শ সেবা এবং কৃষকদের সফলতার বিভিন্ন দিক তুলে ধরা হচ্ছে।
আয়োজকরা আশা করছেন, এ ধরনের আয়োজন স্থানীয় কৃষকদের ফল চাষে আরও উৎসাহিত করবে এবং পুষ্টি নিরাপত্তা ও কৃষিভিত্তিক অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সহায়ক ভূমিকা রাখবে।
শু/সবা
নওগাঁ প্রতিনিধিঃ 























