সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতার-এর কয়েকটি গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস স্থাপনায় হামলার হুমকি দিয়েছে ইরান। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই এসব স্থাপনায় হামলা চালানো হতে পারে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে।
বুধবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সৌদি আরব-এর সামরেফ পরিশোধনাগার ও জুবাইল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, সংযুক্ত আরব আমিরাতের আল হোসন গ্যাস ক্ষেত্র এবং কাতারের মেসাইদ পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, মেসাইদ হোল্ডিং কোম্পানি ও রাস লাফান রিফাইনারির আশপাশের লোকজনকে দ্রুত এলাকা ত্যাগ করতে বলা হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়েছে, এসব স্থাপনা এখন সরাসরি ও বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে এবং খুব শিগগিরই সেখানে হামলা চালানো হতে পারে। তাই সংশ্লিষ্ট এলাকার নাগরিক, বাসিন্দা ও কর্মীদের নিরাপদ দূরত্বে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
ইরানের সাউথ পার্স এবং আসালুয়েহ-এর তেল-গ্যাস স্থাপনায় হামলার পরপরই এই হুঁশিয়ারি দেওয়া হয়।
এদিকে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে ইরানের জ্বালানি স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে বলে ইসরায়েলের এক জ্যেষ্ঠ কর্মকর্তা দাবি করেছেন।
সূত্র: আল জাজিরা
শু/সবা
সবুজ বাংলা আন্তর্জাতিক ডেস্ক 
























