কলম্বিয়ার পুয়ের্তো লেগুইজামো এলাকা থেকে উড্ডয়নকালে একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৬৬ জনের প্রাণহানি ঘটেছে। কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, এখনও অন্তত ৪ জন নিখোঁজ রয়েছেন।
বিমানটিতে মোট ১২৮ আরোহী ছিলেন, যার মধ্যে ১১ জন বিমানবাহিনীর সদস্য, ১১৫ জন সেনা এবং ২ জন জাতীয় পুলিশ সদস্য। দেশটির প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেজ জানিয়েছেন, উড্ডয়নের সময় রানওয়ের শেষ প্রান্তে বিমানটি আঘাত পায় এবং পরে একটি ডানায় গাছের সঙ্গে ধাক্কা লাগার ফলে আগুন ধরে বিস্ফোরিত হয়।
স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনার প্রাথমিক উদ্ধারকাজ শুরু করেন। পরে সেনাবাহিনী পৌঁছালে দুর্গম এলাকার কারণে উদ্ধারকাজে জটিলতা দেখা দেয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক নয়।
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো গভীর শোক প্রকাশ করে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন এবং সামরিক বাহিনীর আধুনিকায়নে বিলম্বের জন্য প্রশাসনিক দায়ভার স্বীকার করেছেন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনার কারণ হামলা নয়; বিষয়টি তদন্তাধীন। বিমানটি ১৯৫০-এর দশকে চালু হওয়া সি-১৩০ ধরনের, যা এখনও বিভিন্ন দেশে সামরিক কাজে ব্যবহৃত হচ্ছে।
সবুজ বাংলা আন্তর্জাতিক ডেস্ক 
























