ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) আজ সোমবার স্বীকার করেছে যে, হরমুজ প্রণালির দায়িত্বে থাকা নৌ কমান্ডার আলীরেজা তাঙসিরি মারা গেছেন।
আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, “তাঙসিরি ইরানের নৌবাহিনীকে সংগঠিত করেছিলেন এবং উপকূল ও দ্বীপ রক্ষায় শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছিলেন। সম্প্রতি এক হামলায় গুরুতর আহত হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন।”
ইরানের আধাসরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এই বিবৃতিটি প্রকাশ করেছে। গত ২৬ মার্চ ইসরায়েল দাবি করেছিল, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় শহর বন্দর আব্বাসে তাঙসিরি নিহত হয়েছেন। তবে ইরান তখন কোনো প্রতিক্রিয়া দেয়নি।
তাঙসিরি ছিলেন ইরানের উচ্চপদস্থ নৌ কর্মকর্তাদের একজন, যাকে এর আগেও একাধিকবার হত্যা চেষ্টা করা হয়েছিল। ২০১৮ সালে নৌবাহিনীর উচ্চপদে উন্নীত হন তিনি এবং প্রধান দায়িত্ব হিসেবে হরমুজ প্রণালির তত্ত্বাবধান করতেন।
২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালে আইআরজিসি অবরোধ জারি করেছিল। তাঙসিরির নির্দেশে ১২টিরও বেশি বিদেশি তেলবাহী জাহাজে হামলা চালানো হয়েছিল।
সূত্র: বিবিসি
শু/সবা
সবুজ বাংলা আন্তর্জাতিক ডেস্ক 
























