দেশে হামের প্রাদুর্ভাবে ৪৭ শিশুর মৃত্যুর ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন এবং সংক্রমণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী লতিফ জাহান পূর্ণিমা এ রিট দায়ের করেন। এতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিবার কল্যাণ বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।
রিট আবেদনে হামে শিশু মৃত্যুর ঘটনা তদন্ত করে আদালতে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে। প্রতিবেদনে মৃত্যুর সংখ্যা, সংক্রমণের পরিমাণ, টিকাদানের হার, টিকার প্রাপ্যতা এবং গৃহীত পদক্ষেপসমূহ উল্লেখ করার কথা বলা হয়েছে।
পাশাপাশি টিকাদান কাভারেজ নিশ্চিত করতে ব্যর্থতা, টিকার ঘাটতি এবং প্রতিরোধমূলক ব্যবস্থায় বিলম্বের কারণ নির্ধারণে একটি স্বাধীন, পূর্ণাঙ্গ ও সময়সীমাবদ্ধ তদন্ত পরিচালনার নির্দেশনাও চাওয়া হয়েছে।
রিটে আরও বলা হয়, সময়মতো টিকাদান নিশ্চিত না করা, টিকার প্রাপ্যতা বজায় রাখতে ব্যর্থতা এবং জরুরি স্বাস্থ্যসেবায় ঘাটতি সংবিধানের ২৭, ৩১ ও ৩২ অনুচ্ছেদের লঙ্ঘন। এ প্রেক্ষিতে দেশব্যাপী জরুরি হাম টিকাদান কর্মসূচি গ্রহণ এবং প্রয়োজনীয় টিকা, সিরিঞ্জ ও লজিস্টিক সরবরাহ নিশ্চিত করার নির্দেশনা প্রার্থনা করা হয়েছে।
এছাড়া চলমান সংক্রমণের মধ্যেও স্কুলে সংস্পর্শ নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা না নেওয়াকে জননিরাপত্তার প্রতি অবহেলা হিসেবে উল্লেখ করে আদালতের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
শু/সবা
ডিজিটাল রিপোর্ট 























