অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাই শেষে প্রতিবেদন জমা দিয়েছে সংসদীয় বিশেষ কমিটি। এতে ২০টি অধ্যাদেশ বিলুপ্ত বা বাতিল করার সুপারিশ করা হয়েছে।
প্রতিবেদনটি বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। এতে অধ্যাদেশগুলোর ভবিষ্যৎ কার্যকারিতা ও প্রয়োজনীয় সংশোধন নিয়ে বিস্তারিত রূপরেখা তুলে ধরা হয়েছে।
কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, পর্যালোচিত ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি কোনো পরিবর্তন ছাড়াই বহাল রাখার সুপারিশ করা হয়েছে। এছাড়া ১৫টি অধ্যাদেশ সংশোধনের মাধ্যমে কার্যকর রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।
বাতিলের সুপারিশ করা ২০টি অধ্যাদেশের মধ্যে ১৬টি ভবিষ্যতে বিল আকারে সংসদে উত্থাপন করা হতে পারে বলে উল্লেখ করা হয়েছে। আর বাকি ৪টি অধ্যাদেশ স্থায়ীভাবে বাতিল ও সংরক্ষণের সুপারিশ করা হয়েছে।
তবে প্রতিবেদনটি সর্বসম্মত হলেও কিছু বিষয়ে বিরোধী দলীয় সদস্যরা ‘নোট অব ডিসেন্ট’ বা আপত্তি জানিয়েছেন। তারা ৪টি অপরিবর্তিত রাখার সুপারিশকৃত অধ্যাদেশ, ২টি সংশোধনযোগ্য অধ্যাদেশ, বাতিল করে পুনরায় বিল আকারে আনার তালিকার ১১টি এবং স্থায়ীভাবে বাতিলের তালিকার ৩টি অধ্যাদেশের বিষয়ে দ্বিমত পোষণ করেছেন।
এ প্রতিবেদন এখন সংসদে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্তের জন্য গৃহীত হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া আইনি পদক্ষেপগুলোকে স্থায়ী রূপ দিতেই এই যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
























