গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৫ কেজি গাঁজাসহ রাসেল হোসেন রানা (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রাসেল হোসেন রানার বাড়ি বরগুনা জেলার আমতলী উপজেলায়।
পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার বুজরুক বোয়ালিয়া এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশির একপর্যায়ে বাসের লকার থেকে একটি কালো ব্যাগে বিশেষ কায়দায় মোড়ানো ৫ কেজি গাঁজা জব্দসহ রাসেল হোসেন রানাকে গ্রেফতার করা হয়।
১৮ এপ্রিল শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল হোসেন রানা স্বীকার করেছে যে, তিনি কুড়িগ্রাম থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
শু/সবা






















