সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে নওগাঁ জেলা-তেও মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা। প্রথম দিনের পরীক্ষায় জেলার বিভিন্ন কেন্দ্রে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিয়ন্ত্রিত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন ও দায়িত্বপ্রাপ্ত সূত্রে জানা যায়, নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়, নওগাঁ বালিকা উচ্চ বিদ্যালয়, পি.এম বালিকা বিদ্যালয়, নওগাঁ জেলা স্কুল এবং নওগাঁ ইসলামী ফাজিল মাদ্রাসা (দাখিল)সহ জেলার সব পরীক্ষাকেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে উপস্থিত হয়ে শৃঙ্খলার সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করে।
কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা, বিশৃঙ্খলা বা নকলের অভিযোগ পাওয়া যায়নি। কেন্দ্রগুলোতে দায়িত্বরত শিক্ষক, পরিদর্শক, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সর্বোচ্চ সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, জেলায় মোট পরীক্ষার্থী ২৪ হাজার ৬৭০ জন। এর মধ্যে প্রথম দিনে অনুপস্থিত ছিল ৮০৩ জন। এসএসসি শাখায় ১৭ হাজার ৭৯০ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ১৭ হাজার ৫৬৯ জন এবং অনুপস্থিত ২৩১ জন। দাখিল শাখায় ৫ হাজার ২০৫ জনের মধ্যে উপস্থিত ৪ হাজার ৭০৩ জন ও অনুপস্থিত ৫০২ জন। অপরদিকে, এসএসসি (ভোকেশনাল) শাখায় ১ হাজার ৬৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ১ হাজার ৬১৫ জন এবং অনুপস্থিত ৭০ জন।
সামগ্রিকভাবে জেলার সকল পরীক্ষাকেন্দ্রে প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নির্বিঘ্ন পরিবেশে সম্পন্ন হয়েছে, যা অভিভাবক ও সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে।
শু/সবা






















