দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-এর সঙ্গে ইরানের যুদ্ধ চলাকালে গোপনে ইরানের ভেতরে হামলা চালিয়েছে সৌদি আরব। বার্তাসংস্থা রয়টার্স বুধবার (১৩ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রয়টার্সকে দেওয়া তথ্য অনুযায়ী, পশ্চিমা দুই কর্মকর্তা জানিয়েছেন—গত মার্চ মাসে সৌদি আরব ইরানে একাধিক গোপন হামলা চালায়। ইরানের পক্ষ থেকে হামলার জবাবে সৌদি পাল্টা এই পদক্ষেপ নেয়।
কর্মকর্তাদের দাবি, এর মাধ্যমে প্রথমবারের মতো সরাসরি ইরানের ভূখণ্ডে হামলা চালায় সৌদি আরব।
তবে সৌদি আরব ইরানের কোন কোন স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছিল, তা স্পষ্ট করা হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পশ্চিমা আরেক কর্মকর্তা জানান, মার্চের শেষ দিকে সৌদি আরব ইরানের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছিল। পরবর্তীতে সৌদির কূটনৈতিক তৎপরতা ও সতর্কবার্তার পর দুই দেশের মধ্যে উত্তেজনা কিছুটা কমে আসে।
গত ৭ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দেন। এরও প্রায় এক সপ্তাহ আগে সৌদি আরব ও ইরানের মধ্যে উত্তেজনা কমতে শুরু করেছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।
এ বিষয়ে জানতে ইরান ও সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো পক্ষই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি বলে জানিয়েছে রয়টার্স।
সবুজ বাংলা আন্তর্জাতিক ডেস্ক 
























