ড. খলিলুর রহমান বলেছেন, জাতিসংঘের সনদ সমুন্নত রেখে এবং সব সদস্য রাষ্ট্রের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি স্বচ্ছ ও পূর্ণকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দিচ্ছেন।
স্থানীয় সময় বুধবার (১৩ মে) জাতিসংঘ সদর দপ্তরে দেওয়া বক্তব্যে তিনি জানান, নির্বাচিত হলে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের পূর্ণকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
বক্তব্যে খলিলুর রহমান ছয়টি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতির কথা তুলে ধরেন। এর মধ্যে ছিল শান্তিরক্ষা কার্যক্রম পুনরুজ্জীবিত করা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের ঘাটতি কমানো এবং জলবায়ু পরিবর্তনের জরুরি হুমকি মোকাবিলা।
তিনি উন্নয়নশীল দেশগুলোর অর্থায়নের ঘাটতি, ঋণের টেকসই ব্যবস্থাপনা এবং প্রয়োজনভিত্তিক সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সভাপতি নির্বাচিত হলে জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নে ‘ক্ষয়ক্ষতি তহবিল’ এগিয়ে নেওয়া এবং জীববৈচিত্র্য ও সামুদ্রিক বাস্তুতন্ত্র রক্ষায় কাজ করবেন।
তিনি রোহিঙ্গা সংকট নিয়ে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে মানবাধিকার ব্যবস্থা সমুন্নত রাখা, মানবিক সহায়তার পরিসর রক্ষা এবং শরণার্থী ও বাস্তুচ্যুত মানুষের পাশে দাঁড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
এ ছাড়া ডিজিটাল প্ল্যাটফর্মের ন্যায়সংগত ও দায়িত্বশীল ব্যবস্থাপনার আহ্বান জানান তিনি। বক্তব্যের শেষ অংশে জাতিসংঘের সংস্কার কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দেন খলিলুর রহমান।
সূচনা বক্তব্যের পর প্রায় দুই ঘণ্টাব্যাপী প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন বিষয়ে সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিদের প্রশ্নের জবাব দেন তিনি।
সবুজ বাংলা ডিজিটাল রিপোর্ট 






















