সীমান্তে সব ধরনের অবৈধ পুশইন ও পুশব্যাকের বিপক্ষে থাকার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
পশ্চিমবঙ্গে নতুন সরকার ক্ষমতায় আসার পর সীমান্তে পুশইনের ঘটনা বাড়ছে—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিষয়টি সরকার নজরদারিতে রেখেছে এবং সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। তিনি বলেন, কোনো দেশের নাগরিক যদি বাংলাদেশি হয়ে থাকেন এবং সংশ্লিষ্ট দেশের কেন্দ্রীয় সরকার আইনানুগ প্রক্রিয়ায় পরিচয় যাচাই করে তালিকা পাঠায়, তাহলে বাংলাদেশ রিপ্যাট্রিয়েশন প্রক্রিয়া অনুসরণ করবে। তবে এ ধরনের কোনো বিষয় এখনো সরকারের কাছে মুলতবি নেই বলেও জানান তিনি।
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসবিরোধী অভিযান প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অভিযান সংক্রান্ত পরিকল্পনা এখনই প্রকাশ করা হবে না, কারণ এতে অপারেশনে সমস্যা হতে পারে। তবে সেখানে কোনো সন্ত্রাসী আস্তানা থাকতে দেওয়া হবে না এবং তা নির্মূল করা হবে বলে তিনি জানান। একই সঙ্গে দীর্ঘদিন ধরে সরকারি খাসজমিতে বসবাসকারী সাধারণ মানুষকে উচ্ছেদ না করার আশ্বাস দেন তিনি। প্রয়োজনে পুনর্বাসনের ব্যবস্থাও করা হবে বলে জানান।
আদ্-দ্বীন হাসপাতালের ঘটনায় পোস্টমর্টেম ছাড়াই দাফনের বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, পোস্টমর্টেম না হলে বিচার প্রক্রিয়ায় জটিলতা তৈরি হতে পারে এবং আসামিপক্ষ এর সুবিধা নিতে পারে। তাই যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা জরুরি বলে মন্তব্য করেন তিনি।
শীর্ষ সন্ত্রাসীদের জামিনে মুক্তি নিয়ে উদ্বেগের বিষয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সব অপরাধীই সমান। আদালত জামিন দেওয়ার এখতিয়ার রাখে, আর আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব অনুযায়ী ব্যবস্থা নেবে।
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় মাদক ও কিশোর গ্যাং সমস্যা নিয়ে তিনি বলেন, এটি দীর্ঘদিনের সমস্যা এবং একদিনে নির্মূল করা সম্ভব নয়। তবে পরিকল্পিতভাবে অভিযান ও নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি মাদক নিয়ন্ত্রণ আইন সংস্কারের কাজও চলছে বলে জানান তিনি।
শু/সবা
সবুজ বাংলা ডিজিটাল রিপোর্ট 






















