গাইবান্ধার পলাশবাড়ীতে শ্রী রামচন্দ্রের বিগ্রহ স্থাপনকে কেন্দ্র করে ঢাকায় আয়োজিত একটি বিক্ষোভ মিছিলের ব্যানারে আঁকা মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের ছবিতে জুতা নিক্ষেপ করে অবমাননার অভিযোগের প্রতিবাদে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ জুন) উপজেলার নিমগাছী এলাকায় বাংলাদেশ সনাতন মহাসংঘ ও ছাত্র মহাসংঘ, সিরাজগঞ্জ জেলা কমিটির উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিমাই মাহাতো।
এসময় বক্তব্য দেন বাংলাদেশ সনাতন মহাসংঘের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শিপেন কুমার শীল, কুড়মালি ভাষার লেখক ও গবেষক উজ্জ্বল মাহাতো, বাংলাদেশ আদিবাসী ফোরাম সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী পরেশ চন্দ্র মাহাতো, হিন্দু ছাত্র মহাসংঘ সিরাজগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি অনন্ত কুমার মাহাতো, সিরাজগঞ্জ জেলা ছাত্র মহাসংঘের নির্বাহী সভাপতি অনির্বাণ দাস অনিক,রায়গঞ্জ উপজেলা আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র মাহাতো,হিন্দু ছাত্র মহাসংঘের সভাপতি দীপক কুমার মাহাতো, সাধারণ সম্পাদক সন্তোষ কুমার মাহাতো অর্জুনগড় জয় দুর্গা মন্দিরের সভাপতি শ্যামল চন্দ্র মাহাতো।
বক্তারা শ্রী রামচন্দ্রের ছবিতে অবমাননার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সকল ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান।
মানববন্ধন শেষে প্রতিবাদকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন।
শু/সবা
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: 



















