রংপুর বিভাগের আট জেলার ৩৩টি সংসদীয় আসনে এক কোটি ৩৪ লক্ষ ৫৪ হাজার ৪৫৬ ভোটারের জন্য মোট চার হাজার ৫৪৬টি ভোটকেন্দ্র প্রস্তুত করা হয়েছে। তবে এর মধ্যে ২ হাজার ৫৬১টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। বিশেষ করে চরাঞ্চল, যোগাযোগ বিচ্ছিন্ন এলাকা ও প্রার্থীর বাড়ির নিকটবর্তী কেন্দ্রগুলোতে বাড়তি সতর্কতা অবলম্বনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রশাসনের বিভিন্ন সূত্র জানায়, এসব কেন্দ্রে অতীতে ভোটকেন্দ্র দখলের চেষ্টা, সংঘর্ষ, ভয়ভীতি প্রদর্শন ও প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে। তাই আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এসব কেন্দ্রে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। এছাড়া বাড়তি অস্ত্রধারী পুলিশ, আনসার সদস্য, ভিজিলেন্স টিম ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হয়েছে।
রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করবে পুলিশ। প্রতিটি কেন্দ্রেই অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। পুলিশ সদস্যদের শরীরে থাকবে বডি ওর্ন ক্যামেরা, যা লাইভ মনিটরিং করা হবে ঊর্ধ্বতন পর্যায় থেকে।
নির্বাচনের মাঠে রংপুরে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও আইন-শৃঙ্খলা রক্ষায় ৬ স্তরের নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কেন্দ্রগুলোতে গোয়েন্দা পুলিশের নজরদারির পাশাপাশি ৩১৫টি কেন্দ্রে থাকবে পুলিশের বডি ওর্ন ক্যামেরা।
রংপুর জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন বলেন,
“নির্বাচনকে শান্তিপূর্ণ রাখতে জেলা পুলিশের আওতাধীন ৬৬৯টি কেন্দ্রে পুলিশ মোতায়েন করা হবে। কেন্দ্রের বাইরে ইউনিয়ন ও পৌরসভা এলাকায় মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স, সাবসেক্টর ও সেক্টর ভাগ করে ভোটার, ভোট প্রত্যাশী ও নির্বাচনে ব্যবহৃত সরঞ্জামের নিরাপত্তা নিশ্চিত করা হবে। নির্বাচনের মাঠে পুলিশের পাশাপাশি দেশপ্রেমিক সেনাবাহিনী, বিজিবি, র্যাব, আনসারসহ আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করবে।”
রংপুর জেলার ৬টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ২৫,৯৯,২০২। এর মধ্যে নারী ভোটার ১৩,০৬,৩৩৩ জন, পুরুষ ভোটার ১২,৯২,৮৩৮ জন এবং হিজড়া ভোটার ৩১ জন। জেলায় মোট ৮৭৩টি কেন্দ্রে ৪,৯৮৮টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীর মিলে মোট ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রংপুরে যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের কমান্ডো গ্রুপ। নির্বাচনের দিন প্রত্যন্ত এলাকার কোনো কেন্দ্রেই বিশৃঙ্খলা ঘটলে তারা হেলি ড্রপ করে পরিস্থিতি মোকাবিলা করবেন।
আইন-শৃঙ্খলা রক্ষায় রংপুর বিভাগের ৪ জেলায় ৩ হাজার বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। বিজিবি রংপুর সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এসএম শফিকুর রহমান জানান, ২৬টি বেজ ক্যাম্প ও ৭৪টি প্লাটুন বিজিবি নির্বাচনী এলাকায় নিরাপত্তা ও চেকপোস্ট স্থাপন, মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বিশেষ নজরদারি ও ডগ স্কোয়াড স্থাপন করা হয়েছে।
প্রশাসন সূত্র জানায়, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো নির্বাচনকে প্রভাবিত করার সম্ভাবনা, ভোটার সংখ্যা বেশি থাকা, অতীতে অগ্নিসংযোগ বা ভাঙচুরের ইতিহাস, সীমানা প্রাচীর না থাকা, প্রার্থী বা রাজনৈতিক দলের নেতার বাড়ি সংলগ্ন কেন্দ্র, দূরবর্তী ও জনবহুল এলাকা ইত্যাদি বিবেচনা করে চিহ্নিত করা হয়েছে।
রংপুর জেলার ৬টি সংসদীয় আসনে মোট ৮৭৩টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২১৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ, বাকি কেন্দ্র সাধারণ হিসেবে বিবেচিত হবে। রংপুর মেট্রোপলিটন পুলিশ নির্বাচনী দায়িত্ব পালন করবে ২০৪টি কেন্দ্রে। নির্বাচনী দায়িত্বে ৩০টি মোবাইল পেট্রোল টিম ও ৭৮টি স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স কাজ করবে।
শু/সবা























