গোপালগঞ্জ জেলা শহরের লঞ্চঘাট টু ঘোনাপাড়া সড়কের পৌরসভা ও জেলা প্রশাসকের বাসভবনের কাছাকাছি ফুটপাতে একটি শক্তিশালী ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টা ২২ মিনিটে এই বিস্ফোরণ ঘটে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে নাশকতার উদ্দেশ্যে দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে ঘোনাপাড়া অভিমুখী পৌর সড়কের দক্ষিণ পাশের দেয়াল সংলগ্ন ফুটপাতে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা একটি ককটেল নিক্ষেপ করে। এ এলাকার খুব কাছেই জেলা প্রশাসকের বাসভবন। বিস্ফোরণের বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পরপরই দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ঘটনার পরপরই জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ আলামত সংগ্রহ করেছে এবং অপরাধীদের শনাক্ত করতে বিশেষ অভিযান শুরু করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং জনমনে নিরাপত্তা নিশ্চিত করতে এলাকায় ইতিমধ্যে বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। বর্তমানে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল জোরদার করার পাশাপাশি যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনে করছেন, নির্বাচনের প্রাক্কালে শান্ত পরিবেশকে অশান্ত করার লক্ষ্যেই এই পরিকল্পিত বিস্ফোরণ ঘটানো হয়েছে। বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যান চলাচল সচল আছে। এছাড়া যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখা হয়েছে।
শু/সবা























