নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিজয়ী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদ বলেছেন, ‘আমাদের পুরো হাতিয়া যে ঐক্য দেখিয়েছে সন্ত্রাসীদের বিরুদ্ধে— এটাই আমাদের জয়। তারা মনে করেছে দল ক্ষমতায় এসেছে, তাই যা ইচ্ছা তা করতে পারবে। তাদের বলে দিতে চাই— বাংলাদেশের সরকার তারেক রহমান হোক, হাতিয়ার সরকার আমরা।’
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে হাতিয়ার চেয়ারম্যান ঘাটে আয়োজিত এক বিজয়ী পথসভায় তিনি এ মন্তব্য করেন।
সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, হাতিয়ার মানুষ সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়িয়ে এবারের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছে। ‘মা–বোনেরা রাস্তা দিয়ে যেতে পারেনি, কিন্তু জমি দিয়ে হেঁটে গিয়ে ভোট দিয়েছে। অনেক জায়গায় লাঠি দিয়ে তিনবার বাড়ি দিয়েছে, চতুর্থবার আবার গিয়ে ভোট দিয়েছে। অনেক রিকশাওয়ালাকে পিটিয়েছে, সে আবার সেই রিকশা নিয়ে গিয়ে ভোট দিয়েছে।’
সংঘাত নয়, শান্তির আহ্বান জানিয়ে হান্নান মাসউদ বলেন, ‘আমরা হানাহানি চাই না। আমরা শান্তি চাই। চাঁদাবাজি–ধান্দাবাজি যারা করবে, তাদের বিরুদ্ধে আমি আগে দাঁড়াবো— সে যে দলেরই হোক। চাঁদাবাজ–ধান্দাবাজদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা করা হলো।’
তিনি আরও বলেন, হাতিয়ার মানুষ দীর্ঘদিন লাঞ্ছিত ও নিপীড়িত হয়েছে, এখন আর তা চলবে না। ‘আমরা হাতিয়ার মানুষকে বাঁচাবোই— ইনশাআল্লাহ।’
ঘাট সিন্ডিকেট বন্ধ রাখার প্রতিশ্রুতি দিয়ে তিনি জানান, আগামী সাড়ে তিন মাসের মধ্যে সাড়ে ১১ কিলোমিটার সড়ককাজ সম্পন্ন করার চেষ্টা করবেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ আসনে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এনসিপি মনোনীত শাপলা কলি প্রতীকের প্রার্থী আবদুল হান্নান মাসউদ ৯১ হাজার ৮৯৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মাহবুবের রহমান শামীম পান ৬৪ হাজার ২১ ভোট। বাকি আটজন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
শু/সবা




















