পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনকল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ির পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এবং লোগাং জোন-এর অধীনস্থ বৌদ্ধমনিপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় একটি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে।
রবিবার (২২ ফেব্রুয়ারি) মেডিকেল ক্যাম্পটি খাগড়াছড়ির পানছড়ি উপজেলার নতুন কচুছড়িমুখ পাড়া এলাকায় অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় অসহায়, হতদরিদ্র ও অসুস্থ মোট ৪৬ জন পাহাড়ি জনগণকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। চিকিৎসা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ২৪ জন, নারী ৯ জন এবং শিশু ১৩ জন রয়েছে।
ক্যাম্পেইনে চিকিৎসা সেবা প্রদান করেন পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোনের মেডিকেল অফিসার মেজর মোঃ নাঈমুল মুশফিক নাঈম, এএমসি।
বিজিবি জানায়, দুর্গম পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং সেনা-বেসামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে নিয়মিতভাবে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও পাহাড়ি জনপদের মানুষের কল্যাণে এ ধরনের মেডিকেল ক্যাম্পেইন অব্যাহত থাকবে ।
শু/সবা























