২০১৭ সালের দায়ের করা হামলা মামলায় কার্যক্রম নিষিদ্ধ **আওয়ামী লীগ–এর বরিশাল জেলা সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ ইউনুস সোমবার (২৩ ফেব্রুয়ারি) আদালতে আত্মসমর্পণ করেছেন। বরিশালের অতিরিক্ত চীফ ম্যাট্রোপলিটন আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেছে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৫ মে নগরীর অনামী লেনে হামলার অভিযোগে ২০২৪ সালে বিএনপি কর্মী মো. সরোয়ার হোসেন কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশাল মহানগর সভাপতি সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর এবং জেলা সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুসসহ ২১০ জনকে আসামি করা হয়।
সোমবার আদালতে আত্মসমর্পণ করার পর ইউনুস জামিন আবেদন করেন এবং তা মঞ্জুর হয়। জামিন প্রাপ্তির পর তিনি মোটরসাইকেল যোগে দ্রুত আদালত পাড়া ত্যাগ করেন, কোনো সাংবাদিক বা পর্যবেক্ষকের সঙ্গে কথা বলেননি। এদিকে, আদালতের সরকারি কৌশুলীরা জামিন মঞ্জুর হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন।
শু/সবা























