নোয়াখালীর হাতিয়া উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে হামলার মুখে পড়েছেন সংসদ সদস্য হান্নান মাসউদ। এ ঘটনাকে কেন্দ্র করে তার সমর্থক ও বিরোধী পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে তার দুই সমর্থক আহত হয়েছেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১টার দিকে হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়ন-এর প্রকল্প বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষের একপর্যায়ে এমপি হান্নান মাসউদ ঘটনাস্থলের সড়কে অবস্থান নেন। আহত দুই সমর্থককে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
স্থানীয় সূত্র জানায়, নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের খোঁজখবর নিতে এমপি হান্নান মাসউদ এলাকায় যান। প্রকল্প বাজারে পৌঁছালে দুর্বৃত্তরা তার গাড়িবহরে হামলা চালায়। খবর ছড়িয়ে পড়লে তার সমর্থকদের সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ শুরু হয়। বর্তমানে উভয় পক্ষ সড়কের দুই পাশে অবস্থান নেওয়ায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
এমপি হান্নান মাসউদ অভিযোগ করে বলেন, বেলাল মাঝির নেতৃত্বে চিহ্নিত সন্ত্রাসীরা তার ওপর হামলা চালিয়েছে। হামলাকারীদের গ্রেপ্তার না করা পর্যন্ত তিনি ঘটনাস্থল ত্যাগ করবেন না বলেও জানান তিনি। তার দাবি, ২০১৮ সালেও সাবেক এমপি ফজলুল আজিম-এর ওপর হামলার সঙ্গে একই ব্যক্তি জড়িত ছিলেন।
এ বিষয়ে হাতিয়া থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম জানান, তিনি ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।
শু/সবা























